নিখোঁজের ২২ দিন পর ভারত থেকে এল তরুণের লাশ
নিখোঁজের ২২ দিন পর মা মনোয়ারা বেগম পেলেন একমাত্র সন্তান আবদুল আলিম ওরফে শুভর (১৯) লাশ। গত শনিবার রাত আটটায় হিলি সীমান্তের তল্লাশি চৌকির কাছের শূন্যরেখা দিয়ে ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।
হিলি থানার পুলিশের উপপরিদর্শক সুদিব কুমার সাহা লাশটি বাংলাদেশের হাকিমপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমানের কাছে হস্তান্তর করেন। আবদুল আলিম দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের জিলাপিপট্টি মহল্লার শাহিন শেখের ছেলে।
ওসি মোকলেছুর রহমান জানান, বিএসএফের কাছ থেকে লাশ গ্রহণ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হিলি অভিবাসন তল্লাশি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবদুল হামিদ জানান, এর আগে ১৭ আক্টোবর ছেলের সন্ধান চেয়ে মা মনোয়ারা বেগম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই ক্যাম্পে লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৯ অক্টোবর হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএসএফ ৪ অক্টোবর ভারতের হিলি বাসস্ট্যান্ডে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক তরুণের লাশের ছবি বিজিবিকে দেয়। বিজিবি পরে ছবিটি মনোয়ারা বেগমকে দেখালে তিনি ছবিটি তাঁর সন্তান আবদুল আলিমের বলে শনাক্ত করেন। এরপর লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
এ ঘটনায় ২০ অক্টোবর প্রথম আলোয় ‘তরুণকে ফেরত চেয়ে মায়ের আবেদন/বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ওই সময় মনোয়ারা বেগম জানিয়েছিলেন, ৩ অক্টোবর পৌর শহরের কালীগঞ্জ মহল্লার ফিরোজ নামের এক তরুণ ভারতে পূজা দেখতে আলিমকে বাসা থেকে ডেকে নেয়। এরপর আলিম আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর লোকমুখে তিনি জানতে পারেন, আলিমকে ভারতে কে বা কারা মেরে ফেলেছে। এরপর তিনি বিষয়টি বিজিবির হিলি অভিবাসন তল্লাশি ক্যাম্পকে লিখিতভাবে জানান।