নিখোঁজের ২৪ ঘণ্টা পর ছাত্র উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোলাম মোস্তফা নামের এক কলেজছাত্র নিখোঁজের ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। গতকাল সোমবার উল্লাপাড়ার উড়ালসেতু এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সে বগুড়া পলিটেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার নলসোন্দা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
উদ্ধার হওয়া ছাত্রের বড় ভাই জাহিদুল ইসলাম বলেন, গত রোববার সে বেলা ১টার দিকে তালগাছি বাজারে জামাকাপড় কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর সারা রাতেও তার কোনো সন্ধান পায়নি। গতকাল সোমবার বেলা ১টার দিকে উল্লাপাড়া পৌর সদরের উড়ালসেতুর পাশে কে বা কারা তাকে অচেতন অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। বিকেলের দিকে জ্ঞান ফেরার পর তার কাছ থেকে তথ্য নিয়ে পরিবারের সদস্যদের জানানো হয়।
এ বিষয়ে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে এখনো পুরোপুরি সুস্থ নয়। তাই বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।