নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা করা হয়েছে। রণশিয়া উত্তরপাড়া গ্রামের আবদুল কাদেরের কন্যা রণশিয়া হামিদিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টির (১২) লাশটি ভূট্টাখেত থেকে উদ্ধার করা হয়েছে৷
বৃষ্টির পরিবার জানায়, রোববার দুপুরে গরু আনার জন্য বাড়ির পশ্চিম পাশে দানাজপুর আখের খামারে গেলে বৃষ্টি আর ফিরে আসেনি। মেয়িটির নিখোঁজ সংবাদ জানিয়ে গত সোমবার রণশিয়াসহ আশপাশের গ্রামগুলোতে মাইকিং করা হয়৷ কিন্তু সন্ধান মেলেনি।
গতকাল সকাল ১০টার দিকে ওই গ্রামের একজন গৃহবধূ মোহাম্মদের ভূট্টাখেতে বৃষ্টির লাশের সন্ধান পেয়ে লোকজনকে জানান।
পীরগঞ্জ থানার পুলিশ বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি মো. ইশতেসাম বলেন, থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
লাশ দেখে প্রতিবেশী নারীর মৃত্যু: ভুট্টাখেতে বৃষ্টির লাশ দেখতে যান ওই গ্রামের দিনমজুর উজানু মোহাম্মদের বিবাহিত কন্যা মনোয়ারা। বিকেল পাঁচটার দিকে লাশ দেখে ভুট্টাখেতেই তিনি চেতনা হারিয়ে ফেলেন। স্থানীয় লোকজন তাঁকে বাড়িতে নিলে বিকেল সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।