নিখোঁজ, হাসপাতালে মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার সকালে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের দাবি, গ্রামের বাড়ি থেকে ফেরার পথে নজরুলের কোনো খোঁজ ছিল না। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁকে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলছে, নজরুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কোথা থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছে, তা জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ভর্তির কাগজপত্র অনুযায়ী, নজরুলকে ৬ মে ভোর পাঁচটার দিকে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান।নজরুলের চাচাতো ভাই মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, নজরুল স্ত্রীকে নিয়ে দারুস সালাম থানার গাবতলী রোড এলাকায় থাকতেন। গত ৫ মে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর তাঁর কোনো খোঁজ ছিল না। ৭ মে সকালে পুলিশ পরিচয়ে একজন ফোন করে তাঁদের জানান, নজরুল হাসপাতালে আছেন। হাসপাতাল সূত্র জানায়, নজরুলের মৃত্যুর প্রমাণপত্রে ‘মাথায় আঘাতের’ কথা উল্লেখ আছে। মতিঝিলে হেফাজতের কর্মীদের সমাবেশে পুলিশের অভিযানে তিনি আহত হয়েছেন বলে শোনা গেলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।চাচাতো ভাই মোশারফ দাবি করেন, নজরুল হেফাজতের কর্মী ছিলেন না। নজরুল আগে বাংলাদেশ সংবাদ সংস্থায় চাকরি করতেন।যোগাযোগ করা হলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ঘটনার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। তদন্ত চলছে।