নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর অটোরিকশাচালক রুমেল মিয়ার (২০) লাশ গতকাল বুধবার উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হওয়া জাবের আলী, আবদুল মুকিত ও আবদুল হাফিজের স্বীকারোক্তির সূত্র ধরে সকালে উপজেলার চিলুয়া বিল থেকে রুমেলের লাশ উদ্ধার করা হয়।রুমেল উপজেলার নিজামপুর গ্রামের মখলিছ মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, অটোরিকশাচালক রুমেল গত সোমবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জের পালবাড়ী এলাকা থেকে যাত্রী নিয়ে মৌলভীবাজারে যান। রাতে তিনি বাড়ি না ফেরায় এবং তাঁর মুঠোফোনটি বন্ধ পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে। রুমেলের বড় ভাই হারুন মিয়া মঙ্গলবার খবর পান, চোরাই অটোরিকশা বিক্রিকালে মৌলভীবাজারে পুলিশের হাতে তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। তিনি থানায় গিয়ে রুমেলের অটোরিকশা শনাক্ত করেন। পরে গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের পুলিশ ফেঞ্চুগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। তারা রুমেলকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুসারে রুমেলের লাশ উদ্ধার করা হয়। এদিকে অটোরিকশাচালক রুমেল হত্যার প্রতিবাদে ফেঞ্চুগঞ্জ অটোরিকশা সমিতি গতকাল ফেঞ্চুগঞ্জে পরিবহন ধর্মঘট পালন করে। বিক্ষুব্ধ শ্রমিকেরা হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।