নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের কথা বলে টাকা হাতিয়ে নিল প্রতারক
নিখোঁজ হওয়ার চার দিনেও মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী কাজী ওবায়দুল ইসলামকে (৪৫) উদ্ধার করা যায়নি। উল্টো তাঁকে আহত অবস্থায় উদ্ধারের নাটক সাজিয়ে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ওবায়দুল নিখোঁজ হন।
নিখোঁজ আইনজীবীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলা থেকে এক ব্যক্তি গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ থানা পুলিশকে ফোন করে জানান, নিখোঁজ আইনজীবী ওবায়দুলকে সেখানে আহত অবস্থায় তিনি উদ্ধার করেছেন। পুলিশ বিষয়টি ওবায়দুলের পরিবারকে জানিয়ে দ্রুত পাবনায় যাওয়ার পরামর্শ দেয়। ওবায়দুলের পরিবার ওই নম্বরে কল করলে সেই ব্যক্তি নিজেকে শফিকুল ইসলাম বলে পরিচয় দেন। তিনি বলেন, পত্রিকায় যে আইনজীবীর ছবি ছাপা হইছে, তিনি তাঁর কাছে রয়েছেন। সোমবার রাতে সাঁথিয়ার কাশীনাথপুরের সড়কের পাশে ওবায়দুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাঁকে উদ্ধার করেন। প্রতারক শফিকুল জানান, ছিনতাইকারীরা ওবায়দুলকে নির্যাতন করে সেখানে ফেলে রেখে যায়। তাঁর অবস্থা সংকটাপন্ন। চিকিৎসার জন্য ১২ হাজার টাকা দরকার। এই কথা শুনে ওবায়দুলের স্বজনেরা দ্রুত প্রতারকের দেওয়া নম্বরে বিকাশের মাধ্যমে দুই দফায় ১২ হাজার টাকা পাঠান। ইতিমধ্যে ওবায়দুলের এক আত্মীয় (পুলিশ বিভাগে কর্মরত) ঢাকায় সিআইডির মাধ্যমে শনাক্ত করে দেখেন, যে মুঠোফোন নম্বর থেকে কল করা হয়েছে, সেটি আসলে ঢাকার তেজকুনী পাড়া থেকে করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়ারদৌস হাসান জানান, পুলিশ নিখোঁজ আইনজীবীকে উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি প্রতারক চক্রটিও ধরার চেষ্টা চলছে।