নিখোঁজ আটজনকে খুঁজে বের করার দাবি স্বজনদের
একই রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিখোঁজ আট ব্যক্তিকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ প্রশাসনের প্রতি আকুতি জানিয়েছেন তাঁদের স্বজনেরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আবেদন জানান।
স্বজনদের ভাষ্যমতে, গত বছরের ৪ ডিসেম্বর পৃথকভাবে ‘র্যাব’ লেখা কালো পোশাক পরা ও ‘র্যাব-১’ লেখা গাড়িতে আসা কয়েকজন লোক শাহীনবাগের বাসিন্দা বিএনপির নেতা সাজেদুল ইসলামসহ আটজনকে তুলে নিয়ে যান। তখন থেকেই তাঁরা নিখোঁজ। সাজেদুল বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
স্বজনদের কয়েকজন অশ্রুসিক্ত কণ্ঠে নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান। এ সময় একটি লিখিত বক্তব্যও সাংবাদিকদের দেওয়া হয়।
স্বজনেরা জানান, ঘটনার পর তাঁরা অসংখ্যবার র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। র্যাব পরিচয়ে কেউ ধরে নিয়ে গেছে কি না, তা তদন্ত করে বের করারও অনুরোধ করেছেন। প্রতিবারই র্যাবের কর্মকর্তারা বলেছেন, ওই আটজনের কাউকেই তাঁরা আটক করেননি। বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কিন্তু কারও খোঁজ মেলেনি।
বিএনপির নেতা সাজেদুল ছাড়া নিখোঁজ বাকি সাতজন হলেন শাহীনবাগের বাসিন্দা কাওসার আহমেদ, এ এম আদনান চৌধুরী, পূর্ব নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া ওরফে মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম ওরফে রাসেল, মুগদা এলাকার আসাদুজ্জামান, উত্তর বাড্ডার আল আমীন ও সাজিদুলের খালাতো ভাই বসুন্ধরা এলাকার জাহিদুল করিম ওরফে তানভীর।
গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘এক রাতে বিএনপির নেতাসহ সাতজন নিখোঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন কাওসারের পরিবারের কাউকে পাওয়া না যাওয়ায় ওই প্রতিবেদনে তাঁর কথা অন্তর্ভুক্ত করা হয়নি। তবে গতকালের সংবাদ সম্মেলনে কাওসারের মা কমলা বেগম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, এ ধরনের অনাচার-অবিচার সমাজে চলতে পারে না। কেউ নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ দায়িত্ব পালন না করলে তাদের জবাবদিহি করতে হবে। কিন্তু বারবার একই ধরনের কাজ করে তারা পার পেয়ে যাচ্ছে।
আসকের প্রধান আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ যদি কাউকে তুলে নিয়ে যায়, সে ক্ষেত্রেও ঘটনা তদন্ত করে অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।
জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘অপহরণ, গুম, কান্নার জন্য দেশ স্বাধীন হয়নি। রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয়, তাহলে নাগরিকের কথা শুনতে হবে। পুলিশ আমাদের টাকায় চাকরি করে। তাদের আমাদের কথাই শুনতে হবে।’
ভারতের একটি রাজ্যের উদাহরণ টেনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ওই রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ কাউকে ধরতে এলে ঘরে ঘরে ঘণ্টা বাজিয়ে দেন বাসিন্দারা। আমাদের দেশেও এমনটা করতে হবে। গোপনে ছবি তুলে রাখতে হবে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বিচারপতিদেরও সাহসী ভূমিকা পালন করতে হবে।’
শাহদীন মালিক এবং জাফরুল্লাহ চৌধুরীও নিখোঁজদের সন্ধান দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনের পর স্বজনেরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। শাহদীন মালিক ও জাফরুল্লাহ চৌধুরী তাঁদের সঙ্গে যোগ দেন। নিখোঁজ সন্তানদের ছবি এবং বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ব্যানার হাতে রাস্তায় দাঁড়ান সাজেদুলের মা ৭০ বছরের হাজেরা খাতুনও।
ছেলের ছবি হাতে নিয়ে অঝোরে কাঁদছিলেন কাওসারের মা কমলা বেগম। তিনি জানান, একজনের ব্যক্তিগত গাড়ি চালাতেন কাওসার। স্ত্রীকে নিয়ে নাখালপাড়ায় থাকতেন। স্ত্রী বাবার বাড়ি বরিশালে যাওয়ায় তখন বাসায় একাই ছিলেন তিনি।