সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও তিনজনের লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের লাশ উদ্ধার করা হলো।
গত শনিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরদিন খাশরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দুই দিন পর গতকাল ভোরে পুরাতন মেঘাই এলাকার নদীর তীর সংরক্ষণ কাজের ৬ নম্বর সাইটের যমুনা নদী থেকে মাসুদ মিয়া (৩২) নামের একজনের লাশ উদ্ধার হয়েছে। মাসুদ বগুড়ার গাবতলী উপজেলার মরিয়া গ্রামের মাবেজরের ছেলে। সকাল ১০টার দিকে যমুনা নদীর খাশরাজবাড়ী এলাকা থেকে আনুমানিক ৫০-৫৫ বছর বয়সের একজন এবং দুপুরের দিকে ঘোড়াগাছা এলাকা থেকে ৪০-৪৫ বছর বয়সের আরেকজনের লাশ স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাসুদের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, অপর দুটি লাশ চরাঞ্চল থেকে আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে।