নিখোঁজ এক তরুণ ও দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর আবদুল জব্বার (২৫) নামের এক তরুণের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার সীমান্তবর্তী চানপুর এলাকা থেকে বাঘা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

একই দিন যমুনা নদীর সিরাজগঞ্জের বিয়ারাঘাট এলাকা থেকে ইয়ামিন হোসেন (৮) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। চার দিন আগে সে নিখোঁজ হয়। এ ছাড়া গত বুধবার পাবনা সদর উপজেলায় আরমান হোসেন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নাটোর: ২০ মে রাত আটটায় লালপুরের বিলমাড়িয়া ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে আবদুল জব্বার নিখোঁজ হন। গতকাল সকালে স্থানীয় লোকজন বাঘা উপজেলার চানপুর এলাকায় পদ্মা নদীর চরে একটি লাশের খণ্ডিত অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। জব্বারের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেছেন। জব্বারের বাবা বলেন, কিছুদিন আগে জব্বারের মাধ্যমে খবর পেয়ে র‌্যাব সদস্যরা চানপুর এলাকার এক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেন। ওই ঘটনার জের ধরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। গতকাল বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশের কিছু অংশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলার চরচালা গ্রামের চান আলী শেখের ছেলে ইয়ামিন হোসেন ২৬ মে কামারখন্দ উপজেলার ঝালৈ গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ওই দিন সন্ধ্যায় স্থানীয় বাজারে মেলা দেখতে গিয়ে সে নিখোঁজ হয়। গতকাল সদর উপজেলার বিয়ারাঘাট এলাকায় যমুনা নদীতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে সদর থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে গিয়ে পিয়াসের বাবা লাশটি শনাক্ত করেন।

পাবনা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরমান বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল। দুপুরের দিকে এলাকাবাসী গ্রামের একটি খেতে তার লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।