নিখোঁজ একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়ায় পদ্মা নদীতে দুটি সিবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ঢাকার মেরিন ফুয়েল সার্ভিসের ব্যবস্থাপক মনিরুল ইসলামের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। পরে তাঁরা লাশ উদ্ধার করে মাওয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
এদিকে সিবোট দুর্ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাঁর নাম শাহেদ (৩০)। বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কেন্দুয়া গ্রামে। গতকালও তাঁর স্বজনেরা পদ্মায় লাশ খুঁজে বেড়িয়েছেন।
শাহেদের স্বজন আরিফুজ্জামান বলেন, শাহেদ চাকরি পাওয়ার খবর জানাতে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে সিবোট দুর্ঘটনায় তিনি নিখোঁজ হন। তবে তাঁকে উদ্ধারের ক্ষেত্রে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। আরিফুজ্জামান আরও বলেন, শাহেদের খোঁজে গিয়ে জেলেরা নদীর তলদেশে মা ও মেয়ের মতো আরও দুটি লাশ দেখেছেন বলে জানিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, ওই দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
সোমবার রাতে পদ্মায় মাঝনদীতে দুটি সিবোটের মুখোমুখি সংঘর্ষে মনিরুল ইসলাম নিখোঁজ হন। এ সময় সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ ১৫ যাত্রী আহত হন। রাতে সিবোট চলাচল নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে প্রতিদিন রাতে সিবোট চালানো হচ্ছে।