নিখোঁজ ও অপহরণ নিয়ে র্যাবের বক্তব্য
‘র্যাব পরিচয়ে ধরে নেওয়ার পর দোকান কর্মচারী নিখোঁজ’ শিরোনামে গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোয় ছাপা হওয়া প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিয়েছে র্যাব সদর দপ্তর।
গতকাল সন্ধ্যায় ই-মেইলে পাঠানো বক্তব্যে বলা হয়, ‘অতি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশের শীর্ষ স্থানীয় বহুল প্রচারিত সংবাদ মাধ্যমগুলোতে লোকজনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই প্রকাশিত হচ্ছে। কোনো ব্যক্তি নিখোঁজ, হারানো কিংবা আত্মগোপনের মত ঘটনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে সংবাদ প্রচার করা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট বাহিনীর ভাষ্য যেমন তুলে ধরা হচ্ছে না, তেমনি ঘটনার আসল রহস্য আড়ালেই থেকে যাচ্ছে।’
র্যাব বলেছে, র্যাবের পরিচয়ে অপহরণ অপরাধীদের আরেকটি কৌশল। এতে জনগণ যেমন বিভ্রান্ত হচ্ছে, তেমনিভাবে র্যাবের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। র্যাব এ ধরনের অনেক ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসেছে। গত বছরের ৫ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় র্যাব পরিচয়ে বিএনপির নেতা রফিককে অপহরণ ও হত্যা করা হয়েছে বলে তাঁর শাশুড়ির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। পরে তদন্তে র্যাব জানতে পারে, রফিকুলের শাশুড়ি নিজেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
চট্টগ্রামের ব্যবসায়ী মৃদুল চৌধুরীর বিষয়েও সংবাদমাধ্যমে বারবার বলা হয়েছে, র্যাব তাঁকে অপহরণ করেছে। কিন্তু মৃদুল চৌধুরীকে উদ্ধারের পর আদালতে তাঁর দেওয়া জবানবন্দিতে র্যাবকে জড়িয়ে কোনো বক্তব্য ছিল না।
ভালুকায় তিন সহোদর অপহরণের ক্ষেত্রেও র্যাবকে দোষারোপ করা হয়েছে। কিন্তু র্যাবকে দায়ী করে অপহরণ বা নিখোঁজের খবর ছাপা হলেও অপহূত ব্যক্তি উদ্ধারের পর র্যাব যে দোষী নয়, সে কথা বলা হয় না।
র্যাব প্রতিবাদে বলেছে, গতকাল প্রথম আলোসহ অন্যান্য পত্রিকায় র্যাব পরিচয়ে ধরে নেওয়ার পর দোকান কর্মচারী নিখোঁজ—শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে র্যাবকে জড়িয়ে যা বলা হয়েছে, তা সত্য নয়। র্যাবের কোনো সদস্য এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নন। মহিউদ্দিন আহাদকে র্যাব আটক বা গ্রেপ্তার করেনি। তাঁর নিখোঁজের বিষয়ে দোকানের মালিক রফিকুল ইসলামকে আসামি করে অপহরণের মামলা করা হয়েছে। এ ক্ষেত্রে র্যাবকে দোষারোপ করে সংবাদ প্রকাশের কারণে র্যাবের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৫৫১ জন অপহরণকারী আটক এবং ৮৬৯ জন অপহূতকে উদ্ধার করা হয়েছে। ভুয়া র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণসহ অন্যান্য অপরাধের অভিযোগে ৫৫৮ জনকে আটক করেছে র্যাব।
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে প্রকাশিত প্রতিটি ঘটনার ক্ষেত্রেই র্যাবের বক্তব্য নেওয়া হয়। গতকাল ছাপা হওয়া প্রতিবেদনেও র্যাবের মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাঁর ভাষ্য তুলে ধরা হয়েছে।
অপহূত বা নিখোঁজ ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং অভিযুক্ত পক্ষের সঙ্গে কথা বলেই প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। গতকালের প্রতিবেদনটির ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হয়েছে।
ভুক্তভোগীদের মামলা ও অভিযোগের সূত্রে গণমাধ্যমে লেখালেখির পর চট্টগ্রামের মৃদুল চৌধুরী ও ভালুকার তিন ভাইকে অপহরণকারীরা ফেলে দিয়ে যায়। কিন্তু অপহরণকারীদের পরিচয় এখনো জানা যায়নি।