নিখোঁজ ও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেনা বেগমের (ডানে) ছেলে সুজন কাজ করতেন রানা প্লাজার একটি পোশাক কারখানায়। ভবনধসের পর থেকেই তিনি ছেলেকে খুঁজে ফিরছেন। রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণসহ সাত দফা দাবিতে গতকাল শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। স্মারকলিপি দেওয়ার আগে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্বজনেরা। সেখানেই কাঁদছেন তিনি  ছবি: প্রথম আলো

রানা প্লাজা ধসে নিহত-নিখোঁজ ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। রানা প্লাজার ধ্বংসস্তূপে এখনো অনেক শ্রমিকের হাড় ও খুলির দেখা মিলছে উল্লেখ করে সংগঠনটি থেকে সেখানে আবারও উদ্ধার অভিযানের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করার দাবি জানিয়েছে।
গতকাল রোববার গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই শ্রমিক সমাবেশ শেষে মিছিল করে শ্রমমন্ত্রী বরাবর সাত দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের অন্যতম নেতা গার্মেন্ট শ্রমিক সংহতির উপদেষ্টা আবদুস সালাম, গার্মেন্ট সংহতির কেন্দ্রীয় নেতা জুলহাস নাইন।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিহত শ্রমিকদের ডিএনএ শনাক্তকারীদের কবর বুঝিয়ে দেওয়া। নিখোঁজদের প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাঁদের নিহত ঘোষণা করা এবং ক্ষতিপূরণ দেওয়া। জমি এবং অনুদানের নামে এবং নানাভাবে যেসব প্রতারক শ্রমিকদের হয়রানি করছে, তাদের গ্রেপ্তার করা, শ্রমিকদের ওপর হয়রানি বন্ধ করা। দোষীদের জামিন নয় বরং বিচার ও শাস্তি নিশ্চিত করা।
তাসলিমা আখতার সমাবেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর তহবিলে বিভিন্ন সংস্থার দেওয়া প্রায় ১০০ কোটি টাকা কীভাবে বণ্টিত হয়েছে, তা-ও আমরা জানি না। এখন পর্যন্ত অনেক পরিবার আছে, যারা লাশ পেয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর তহবিল থেকে কোনো টাকা পায়নি। এদিকে প্রায় চার কোটি ডলারের ক্ষতিপূরণ তহবিল গঠিত হচ্ছে। কিন্তু সেটি কীভাবে বণ্টিত হবে, কোন পক্ষ কত দেবে, এসব বিষয়ে শ্রমিকদের কিছুই জানানো হচ্ছে না।’