নিখোঁজ কর্মীদের স্বজনদের সহায়তা দিলেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের সময় নিখোঁজ হওয়া ২১ নেতা-কর্মীর পরিবারের স্বজনদের আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রত্যেক নিখোঁজ নেতা-কর্মীর স্বজনদের হাতে এক লাখ করে টাকা তুলে দেন খালেদা জিয়া। এ সময় স্বজনদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের মধ্যে একজন মূর্ছা যান।
খালেদা জিয়া নিখোঁজ নেতা-কর্মীদের স্বজনদের সান্ত্বনা জানিয়ে বলেন, ‘আপনারা শক্ত হোন। আল্লাহকে ডাকেন। তিনি সব দেখেছেন। তারা মনে করছে, তারা সুখে থাকবে। আল্লাহর তরফ থেকে এমন শাস্তি আসবে, তখন তারা বুঝতে পারবে, কী অন্যায় করেছিল।’
ঢাকা মহানগর বিএনপির সাজেদুল ইসলাম, তানভীর, তরিকুল ইসলাম, ছাত্রদলের মাহবুব হাসান, সেলিম রেজা, পারভেজ হোসেন, আসাদুজ্জামানসহ ২১ জন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। সরকার তাঁদের গুম করেছে বলে বিএনপি অভিযোগ করে আসছে।