নিখোঁজ গাড়িচালকের সন্ধানের দাবিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী বিএনপির নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ গাড়িচালক রেজাউল হকের সন্ধানের দাবিতে আজ রোববার জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
আজ ভোর ছয়টা থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহার উদ্দিন বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘আমাদের দাবি, অবিলম্বে রেজাউল হক সোহেলের সন্ধান দিতে হবে।’
৪ মে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগদান শেষে সিলেটে যাওয়ার পথে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হক নিখোঁজ হন। ২১ দিনেও তাঁদের সন্ধান মেলেনি।