নিখোঁজ গাড়ি চালকের সন্ধান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে চার দিন ধরে নিখোঁজ গাড়িচালক আবুল কালাম আজাদের সন্ধান দাবিতে মানববন্ধন হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতকাল রোববার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। আবুল কালাম কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবুথন্দীয়া গ্রামের বাসিন্দা।
গতকাল সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এ মানববন্ধন চলাকালে নিখোঁজ আবুল কালামের স্ত্রী ফাহিমা বেগম, ছেলে আল আমিন, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন, সদস্য আইয়ুব আলী জোয়ার্দ্দার প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তাঁরা আবুল কালামের সন্ধানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আবুল কালাম (৪৬) ভাড়ায় মাহেন্দ্র চালাতেন। ২১ এপ্রিল তিনি রাজবাড়ী শহরের রেলগেট থেকে ফরিদপুর জেলার কানাইপুরে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি এবং মাহেন্দ্রটিও পাওয়া যায়নি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
পুলিশ সুপার (এসপি) রেজাউল হক স্মারকলিপি গ্রহণের পর আবুল কালামকে উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।