নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রধর্মঘট সাময়িক স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে ১৮ মার্চ থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ওই দিন থেকে অনেক বিভাগেই কোনো ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। গতকাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য এম আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নিয়মিত ক্লাস ও পরীক্ষার দাবি জানান। দুপুর ১২টার দিকে প্রক্টরের কার্যালয়ে প্রক্টর মেহের আলী ও সহকারী প্রক্টরদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা বৈঠক করেন। বৈঠকে ৮ মার্চ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় প্রক্টর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।বেলা দুইটার দিকে প্রেস কর্নারে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাঁদের ধর্মঘট সাময়িক স্থগিতের ঘোষণা দেন। সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের সত্যতা নিশ্চিত করে প্রক্টর মেহের আলী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা শনিবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে নবীনগরে বাস থামিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতা এবং আল-ফিকহ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের মাস্টার্সের ছাত্র ওয়ালিউল্লাহকে র্যাব-৪ ও ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। তবে র্যাব ও ডিবি এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।