নিখোঁজ হওয়ার ১২ দিন পরও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সাইফুল ইসলামকে দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান শিক্ষার্থীরা। গত ২১ জানুয়ারি রাতে সাইফুল ইসলাম ক্যাম্পাস থেকে ঢাকায় যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হালিম ও মিজানুর রহমান। ২২ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে তিনি ফার্মগেট থেকে কাজীপাড়া যাচ্ছিলেন। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বিশ্ববিদ্যালয় থানায়, সাইফুলের বড় ভাই সাদ আহমেদ কুষ্টিয়া সদর থানায় এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মূর্তজা খসরু ঢাকার শেরেবাংলা থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, ভবিষ্যতে নেতৃত্বে আসতে পারেন এই ভেবে প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনো কুচক্রী মহল এ ঘটনা ঘটিয়েছে। বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বলেন, নতুন কমিটিতে সাইফুলের অবস্থান ভালো হতে পারে জেনে কোনো কুচক্রী মহল ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) আবদৃল জলিল বলেন, ‘সাইফুলের সন্ধানের ব্যাপারে আমাদের আইনি তৎপরতা অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’প্রসঙ্গত, সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার অন্তর্গত ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন বংশীতলা গ্রামে।