নিখোঁজ ছাত্রের লাশ ঝালকাঠির সুগন্ধায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে শাহারিয়ার হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টায় নলছিটির সুগন্ধা নদীতে পুরাতন স্টিমারঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহারিয়ার ১৪ আগস্ট বরিশালের বাসা থেকে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হন।

শাহারিয়ার সুবিদপুর ইউনিয়নের তালতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নজরুল পটুয়াখালী নৌবাহিনীতে কর্মরত।

শাহারিয়ার মামা আল আমিন জানান, শাহারিয়ার পরিবারের সঙ্গে বরিশাল দক্ষিণ আলেকান্দায় বসবাস করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন। গত সোমবার প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। তাঁকে খুঁজে না পেয়ে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। লাশ উদ্ধারের খবর পেয়ে আজ তিনি (আল আমিন) ভাগনের লাশ শনাক্ত করেন।

এ বিষয়ে নলছিটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, ছাত্রটির লাশ উদ্ধারের পর তাঁর পরিবার শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।