নিখোঁজ ছেলেকে ফিরে পেতে বাবা মায়ের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে নিখোঁজ ছেলে সাইফুল ইসলামকে (১৭) ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন তাঁর মা। বান্দরবান সংলগ্ন রাঙ্গুনিয়ার নাপিত পুকুরিয়ার বাসা থেকে গত ১৪ জুন সাইফুলকে ধরে নিয়ে যাওয়া হয়।

গতকাল বুধবার বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাইফুলের মা শাহনাজ আক্তার নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানান। এ সময় সাইফুলের বাবা মোহাম্মদ সেলিমও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাহনাজ বলেন, ১৪ জুন বিকেল চারটার দিকে রাঙ্গুনিয়ায় তাঁদের বাড়িতে সাদাপোশাকে তিন ব্যক্তি আসেন। সাইফুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানিয়ে তাঁরা তাকে ধরে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁরা গুলি করার হুমকি দেন। নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেন তাঁরা। সাইফুলের বিরুদ্ধে কী অভিযোগ, সে সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি। সাইফুল এবার বান্দরবান সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

শাহনাজ আক্তার বলেছেন, ছেলেকে ধরে নেওয়ার সময় তাঁদের বাড়ির পূর্ব পাশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭- (র‍্যাব) এর দুটি গাড়ি দাঁড়ানো ছিল। চট্টগ্রামে র‍্যাব-৭-এর কার্যালয়ে খোঁজ নিতে গেলে তাঁরা কাউকে ধরে নিয়ে আসার কথা অস্বীকার করেন। তিনি ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নাপিত পুকুরিয়ার শাহনাজ আক্তারের এক প্রতিবেশীও একই কথা জানান। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাইফুল ইসলামকে সড়কে দাঁড়িয়ে থাকা র‍্যাবের দুটি গাড়ির একটিতে তুলে নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাইফুল ইসলামের বাবা মোহাম্মদ সেলিম বলেন, ‘বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর হদিস না পেয়ে আমরা রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাই। কিন্তু থানা ডায়েরি নেয়নি । এ জন্য গত ২৯ জুন আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলা হিসেবে নিয়ে তদন্তের জন্য রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছে।

 রাঙ্গুনিয়া থানার উপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানিয়েছেন, কারা সাইফুল ইসলামকে নিয়ে গেছে প্রাথমিক তদন্তে তা এখনো শনাক্ত করা যায়নি। তদন্তে ঘটনার শিকার পরিবার ও আশপাশের লোকজন সেদিন ওই এলাকায় র‍্যাবের উপস্থিতির কথা জানিয়েছেন। র‍্যাবের সঙ্গে এ ব্যাপারে অবশ্যই যোগাযোগ করা হবে বলে তিনি জানিয়েছেন।

চট্টগ্রামে র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন বলেছেন, কাজের প্রয়োজনে হয়তো র‍্যাবের গাড়ি ওই দিন নাপিত পুকুরিয়া গিয়েছিল। কিন্তু সাইফুল ইসলাম বা অন্য কোনো ব্যক্তিকে ধরে আনা হয়নি। কেউ এমন অভিযোগও করেনি বলে তিনি জানিয়েছেন।