নিখোঁজ জেলের লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদী থেকে আজ সোমবার সকালে দেলোয়ার ঘরামি (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে নদীতে মাছ ধরার সময় ঝড়ের কারণে নৌকা ডুবে তিনি নিখোঁজ হন।
নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল আমিন প্রথম আলোকে জানান, শনিবার রাতে সন্ধ্যা নদীর নান্দুহার এলাকায় দেলোয়ার ঘরামি, তাঁর ছেলে নাঈম ঘরামি ও মিলন ফরাজী নামের তিন জেলে নৌকায় মাছ ধরছিলেন। রাত আড়াইটার দিকে ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকা ডুবে যায়। এ সময় নাঈম ও মিলন সাঁতারে তীরে উঠতে পারলেও দেলোয়ার ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখেন। দেলোয়ার ঘরামির ছেলে নাঈম বাবার লাশ শনাক্ত করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়া লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।