নিখোঁজ টেক্সটাইলের ছাত্র রাজশাহীতে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেস ব্রিফিংয়ে বাবা-মায়ের সঙ্গে ফারহান জামান। ছবি: প্রথম আলো
প্রেস ব্রিফিংয়ে বাবা-মায়ের সঙ্গে ফারহান জামান। ছবি: প্রথম আলো

ঢাকায় নিখোঁজ বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ফারহান জামানকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে রাজশাহীর রেলওয়ে স্টেশনের সামনে তাঁকে পাওয়া যায়। আজ বুধবার দুপুরে পুলিশ ফারহানকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।

ফারহানের বাবার নাম বজলুর রশিদ। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তাঁরা সপরিবারে ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় থাকেন।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিম জানান, ১৭ মে ফারহান বেলা ১১টার দিকে তাঁর বাসা থেকে কলেজের উদ্দেশে বের হন। এর পর থেকেই ফারহান নিখোঁজ হন। এ ঘটনায় ১৮ মে ফারহানের বাবা বজলুর রশিদ রূপনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রলয় চিসিম বলেন, ফারহান নিখোঁজ হওয়ার পর তাঁর মা ফিরোজা বেগমের কাছে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে ফারহান কোথায় জানতে চায়। একপর্যায়ে ছেলেকে ফেরত পেতে হলে কিছু টাকা খরচ করার কথা বলে তারা। তবে কত টাকা দিতে হবে তা তারা জানায়নি। সর্বশেষ ফোন করা নম্বর ট্র্যাকিং করে তার অবস্থান রাজশাহীতে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাজশাহী নগরে অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে রাত নয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে থেকে ফারহানকে উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধার ফারহানকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আজ বেলা একটার দিকে উপকমিশনার পশ্চিম জোনের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে ফারহান উপস্থিত থাকলেও অসুস্থ বোধ করায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফারহানের বাবা-মা, সহকারী পুলিশ কমিশনার আনোয়ার সাঈদ এবং সহকারী পুলিশ কমিশনার (পশ্চিম) আল আমিন।