নিখোঁজ তরুণদের তালিকা হালনাগাদের নির্দেশ
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিখোঁজ তরুণ বা যুবকদের তালিকা হালনাগাদ করার জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত একটি চিঠি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে কিছুসংখ্যক পরিবার থেকে তরুণ/যুবক বয়সের সন্তান নিখোঁজ হওয়ার বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। পরবর্তী সময়ে এসব তরুণ/যুবকেরা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ধর্মীয় উগ্রপন্থী জঙ্গি বিভিন্ন সংগঠনের নামে সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়, শিক্ষক, ব্লগার, বিদেশি নাগরিক, এমনকি ইসলাম ধর্মের ভিন্ন মতবাদ অবলম্বনকারীদের হত্যা করছে। তাদের এই কর্মকাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। তাই এসব নিখোঁজ তরুণ/যুবকদের হালনাগাদ তথ্যাদি নাম-ঠিকানাসহ জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: