নিখোঁজ তরুণীর সন্ধান মিলল দৌলতদিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে পুলিশ গত সোমবার রাতে এক তরুণীকে উদ্ধার করেছে।
তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। সাভারের রানা প্লাজা ভবনের তৃতীয় তলার একটি কারখানার ওই নারী শ্রমিক ভবনটি ধসে পড়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
গতকাল মঙ্গলবার সকালে থানা হেফাজতে থাকাকালে ওই তরুণী জানান, ২০১৩ সলের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবনটি ধসে পড়ার তিন মাস আগে ওই তরুণী ভবনটির তৃতীয় তলার একটি পোশাক কারখানায় যোগ দেন। ভবনটি ধসে পড়ার দিন কর্মস্থলে না গিয়ে তিনি দুজন বান্ধবীর সঙ্গে ঢাকা চিড়িয়াখানায় বেড়াতে যান। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও বেকার হয়ে পড়েন।
এরপর সাভারে এক বান্ধবীর ভাড়া বাসায় চলে যান। সেখানে এক সপ্তাহ থাকার পর ওই বান্ধবী কাজ পাইয়ে দেওয়ার কথা বলে রুপা নামের এক নারীর সঙ্গে খালাম্মা হিসেবে পরিচয় করিয়ে দেন। রুপা ওই তরুণীকে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে এক সপ্তাহ তাঁর ঘরে রাখেন। এরপর ওই তরুণী বুঝতে পারেন রুপা ওই যৌনপল্লির একজন প্রভাবশালী বাড়িওয়ালি। রুপা ওই তরুণীকে জানিয়ে দেন, তিনি রীতার কাছ থেকে তাঁকে (তরুণী) এক লাখ টাকায় কিনে এনেছেন। এরপর রুপা ওই তরুণীকে দেহ ব্যবসা করতে বাধ্য করেন।
ঘটনাক্রমে কয়েক দিন আগে নরসিংদীর বাবুরহাট এলাকার এক তরুণের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। অনুরোধ করার পর ওই তরুণ ঘটনাটি ওই তরুণীর পরিবারকে জানান। এরপর গত সোমবার বিকেলে ওই তরুণীর বাবা ও চাচা গোয়ালন্দ ঘাট থানায় এসে পুলিশকে ঘটনাটি জানান। এরপর ওই দিন রাত নয়টার দিকে পুলিশ ওই যৌনপল্লিতে অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় পুলিশ রুপাকে গ্রেপ্তার করতে পারেনি।
ওই তরুণীর বাবা বলেন, ‘আমার মাইয়া রানা প্লাজা ধস থেকে প্রাণে বাঁচি গেলিও আরেক সর্বনাশের তলায় পড়িছিল। তাও আল্লাহর রহমতে তাকে উদ্ধার করায় আমি খুশি। অহন ওরে দেশে নিইয়া যামু।’
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ওই তরুণীর বাবা বাদী হয়ে গতকাল মানব পাচার আইনে রুপাকে আসামি করে মামলা করেছেন।