নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক শহরে দুই পক্ষের সংঘর্ষের সময় সুরমা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রুবেল মিয়ার (২২) লাশ গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। সুরমা নদীর গণেশপুর খেয়াঘাটের পাশে নদীতে তাঁর লাশ ভেসে উঠলে পুলিশ দুপুর ১২টার দিকে সেটি উদ্ধার করে।
রুবেল মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন বলেন, গত সোমবার ছাতক পৌর শহরে খাদেমুল ইসলাম ও শানে রিসালাত নামের দুটি সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল বাসেত ওরফে বাবুল (৪৫) নিহত হন। আহত হন আরও শতাধিক। বাবুলকে আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধাওয়া খেয়ে রুবেল মিয়াসহ আরও কয়েকজন সুরমা নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও রুবেল নিখোঁজ হন।
এদিকে সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু এবং ঘটনার চার দিন পেরিয়ে গেলেও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।