নিখোঁজ তিন যাত্রীর সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে গত শুক্রবার স্টিমারের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিন ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করা যায়নি।
থানা-পুলিশ জানায়, শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের খেয়াঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ঝালকাঠি শহরের উদ্দেশে ছেড়ে যায়। সকাল আটটার দিকে সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকায় ঢাকা থেকে খুলনাগামী স্টিমার মধুমতী ট্রলারটিকে ধাক্কা দেয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটির চালক হেলাল ব্যাপারী ও সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও তিন যাত্রী নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিরা হলেন ঝালকাঠি সদর উপজেলার মহদিপুর গ্রামের আলম জমাদ্দার (৩৫), ইছালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিক ওরফে রাজা (৩২) ও হাজরাগাতির তসলিম হাওলাদার (৫০)। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফায়ার সার্ভিসের বরিশালের সহকারী পরিচালক ফারুক হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারটির অবস্থান শনাক্ত করেছে। তবে নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পাওয়া যায়নি। ডুবে যাওয়া ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নদীতে স্রোত বেশি হওয়ায় গতকাল বিকেল থেকে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের বাড়িতে চলছে মাতম। নিখোঁজ আব্দুর রাজ্জাকের ভাই শহীদ মল্লিক বলেন, আলম, রাজ্জাক ও তসলিম একসঙ্গে ঝালকাঠি শহরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে তাঁরা বাড়ি থেকে ট্রলারে ঝালকাঠি যাচ্ছিলেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, নিখোঁজ তিনজনের পরিবারের সদস্যরা থানায় জিডি করেছেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি।