নিহত সাংবাদিক সাগর-রুনির বাসার নিখোঁজ দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলের বাবা মকবুল হোসেন কালা মিয়াকে গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যা ব। তাঁর কাছে হুমায়ুন সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে চান র্যা ব কর্মকর্তারা।গত ৯ অক্টোবর হুমায়ুনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। হুমায়ুন ওরফে এনামুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দহলিয়া গ্রামে। এই গ্রাম থেকে গত ২৭ সেপ্টেম্বর অজ্ঞাত ব্যক্তিরা এনামুলের বাবা কাঠমিস্ত্রি কালা মিয়াকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ১৭ অক্টোবর রাতে অপহরণকারীরা ভৈরব এলাকায় কালা মিয়াকে নামিয়ে দেন। অপহরণকারীদের পরিচয় মেলেনি এখনো।গতকাল সকাল সাড়ে ১০টায় কালা মিয়া র্যা ব সদর দপ্তরে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে বেলা পৌনে ১টায় র্যা বের গাড়িতে করে তাঁকে সদর দপ্তর থেকে নিয়ে যাওয়া হয়।র্যা ব সূত্র জানায়, কালা মিয়া র্যা বকে জানিয়েছেন, তাঁর ছেলে এনামুল ছোটবেলা থেকেই গ্রামে চুরি করতেন। এটা নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কয়েকবার সালিস-বৈঠকও হয়েছিল। একবার জেলেও গিয়েছিলেন। ২০০৭ সালে আড়াই হাজার টাকা খরচ করে তাঁকে তাবলিগে পাঠানো হয়। সেখানে গিয়েও চুরির দায়ে অভিযুক্ত হন এনামুল। সর্বশেষ গত বছরের কোরবানির ঈদে গ্রামের বাড়ি গিয়েছিলেন এনামুল।এ বিষয়ে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের কিছুদিন পরে হুমায়ুনকে খুঁজে পাওয়া যায়নি। পরে খুঁজে দেখা যায়, সে ভুয়া ঠিকানা ব্যবহার করেছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। তাই তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।কালা মিয়ার শ্যালক হারুনুর রশিদ বলেন, র্যা বের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল তাঁদের গ্রামের বাড়িতে। সেই মোতাবেক কালা মিয়া র্যা ব সদর দপ্তরে যান।