নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনির বাড়ির দারোয়ানের মোবাইল ফোনসেটটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কর্মকর্তার আত্মীয়ের কাছ থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল রোববার ফোনটি উদ্ধার করা হয়। র্যাব কর্মকর্তারা জানান, সাগর-রুনি নিহত হওয়ার পর তাঁর বাড়ির দারোয়ান হুমায়ুন কবিরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পর থেকে হুমায়ুন কবির নিখোঁজ হন। কয়েক দিন আগে র্যাব কর্মকর্তারা তাঁর ফোনসেটের সন্ধান পান। এরপর গতকাল সকালে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. সোলায়মানের ভাই মোসলেম উদ্দীনের কাছ থেকে সেটটি উদ্ধার করা হয়। সোলায়মানের ভাইকে জিজ্ঞাসাবাদও করে র্যাব।র্যাব কর্মকর্তারা জানান, তেজগাঁও রেলস্টেশন সড়ক থেকে সোলায়মানের ভাই মোসলেমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, সোলায়মান বাড়ি এসে ফোনসেটটি তাঁকে দিয়ে যান। দারোয়ানের ফোনসেটটি কী করে ভাইয়ের হাতে গেল—জানতে চাইলে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা সোলায়মান প্রথম আলোকে বলেন, ‘ভুলক্রমে এটা হয়েছে। দারোয়ানকে জিজ্ঞাসাবাদের পর তাঁর ফোনটি আর ফেরত দেওয়া হয়নি।’গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের বাসায় সাংবাদিক দম্পতি সাগর ও রুনি নিহত হন। প্রথমে ঢাকা মহানগর পুলিশ মামলাটি তদন্ত করে। পরে তদন্তে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালত গত এপ্রিল মাসে তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছ থেকে র্যাবের হাতে দিতে নির্দেশ দেন।