নিখোঁজ দুই ছাত্র উদ্ধার না হলে ধর্মঘটের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রকে আজ সোমবারের মধ্যে উদ্ধার করতে না পারলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হবে বলে হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এই হুমকি দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ বিভাগের ছাত্র আল মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের মো. ওয়ালিউল্লাহ গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পথে ঢাকার সাভারের নবীনগর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি তাঁদের দুজনকে বাস থেকে নামিয়ে ধরে নিয়ে যান। এর পর থেকে তাঁদের আর কোনো খোঁজ মেলেনি। দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে কলা অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা প্রশাসন ভবন অবরোধ করে সেখানে প্রায় এক ঘণ্টা ধরে সমাবেশ করেন।শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রকে এক মাস আগে অপহরণ করা হয়েছে। অথচ তাঁদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, হাইকোর্টের দেওয়া রুলের মেয়াদ কাল (আজ সোমবার) শেষ হচ্ছে। এর মধ্যে অপহূত দুই ছাত্রকে আদালতে হাজির করা না হলে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ধর্মঘট দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, নিখোঁজ ছাত্রদের উদ্ধারের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে।