কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, গত ৪ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাভারের নবীনগরে বাস থেকে নামিয়ে আল-ফিকহ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল-মুকাদ্দাস ও দাওয়াহ বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ওয়ালিউল্লাহকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে যায়। ওই দুই ছাত্রকে শিগগির উদ্ধারের দাবিতে গতকাল বেলা ১১টার দিকে দুই বিভাগের শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় অনুষদের ভেতরে অন্তত ২০ জন শিক্ষক ও ৩০০ শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়েন। বিক্ষুব্ধ চার শতাধিক শিক্ষার্থী মিছিল করে প্রশাসন ভবনের সামনে যায়। সেখানে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আল-মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়ায় ক্যাম্পাসে ফিরছিলেন। র্যাব-৪ ও ডিবি পরিচয়ে একদল লোক নবীনগরে যাত্রীবাহী বাস থামিয়ে তাঁদের নামিয়ে নিয়ে যায়। এরপর তাঁদের কোনো সন্ধান মেলেনি। ওই দুই ছাত্রকে উদ্ধারে উদ্যোগ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তালা খুলে দেওয়া হয়। শিক্ষক সমিতির সভাপতি এয়াকুব আলী প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এটা সত্যি দুঃখজনক। উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘আমরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’