কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া দুই ছাত্রের সন্ধান ১৯ দিনেও মেলেনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তাঁদের উদ্ধারের দাবি জানান। নিখোঁজ হওয়া ওই দুই ছাত্র হলেন আল-ফিকহ বিভাগের ছাত্র আল মুকাদ্দাস এবং দাওয়াহ বিভাগের ছাত্র মো. ওয়ালিউল্লাহ। ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়া আসার পথে তাঁরা নিখোঁজ হন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁদের উদ্ধারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে শিক্ষক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী। এটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আ ছ ম তরিকুল ইসলাম।এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক এম এয়াকুব আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিখোঁজ দুই ছাত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তাঁদের লোকচক্ষুর আড়ালে না রেখে তাঁদের অবস্থান জানানো হোক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ছাত্রদের উদ্ধারের ব্যাপারে অতিসত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায়ভার গ্রহণ করতে হবে।