নিখোঁজ নাবিকদের সন্ধানে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দামান সাগরে দুর্ঘটনাকবলিত এমভি হোপ জাহাজের নিখোঁজ নাবিকদের সন্ধানে পুরস্কার ঘোষণা করেছে জাহাজ মালিক ট্রেডব্রিজ শিপিং কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার সকালে প্রতিষ্ঠানের থাইল্যান্ডের এজেন্টের মাধ্যমে এই পুরস্কার ঘোষণা করা হয়। জাহাজমালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের প্রথম আলোকে বলেন, থাইল্যান্ডের থর্সেন শিপিং কোম্পানির মাধ্যমে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। জীবিত বা মৃত কোনো নাবিকের সন্ধান দিতে পারলে এক হাজার ডলার করে পুরস্কার দেওয়া হবে। গত বৃহস্পতিবার ভোররাতে ফুকেট উপকূলের কাছে আন্দামান সাগরে দুর্ঘটনার কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি হোপ। জাহাজের নয়জনকে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হলেও এখনো ছয়জন নাবিক নিখোঁজ। এদিকে সোমবার স্থানীয় জেলেরা লাইফ জ্যাকেট পরা চারজনকে ভাসতে দেখলেও গতকাল বুধবার সকাল পর্যন্ত তাঁদের সন্ধান পাওয়া যায়নি। স্রোতের টানে এই চারজন ভেসে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত জাহাজটি টাগবোটের সাহায্যে টেনে মালয়েশিয়ার একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জাহাজটি মেরামত করা হবে বলে জাহাজমালিক সূত্রে জানা গেছে।