নিখোঁজ পৌর মেয়রকে জীবিত উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যজনকভাবে নিখোঁজ রাজশাহীর নওহাটা পৌরসভার মেয়র আবদুল গফুর সরকারকে জীবিত উদ্ধারের দাবিতে গতকাল রোববার আবারও মানববন্ধন, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা কলেজ মোড়ে পৌরবাসী ও নওহাটা বাজার বণিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। নওহাটা বাজারের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সাবেক সাংসদ মেরাজ উদ্দিন মোল্লাহ, মেয়রের ছেলে ফয়সাল কবীর, মেয়ে নুসরাত জাহান বেনজির, পবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুনসুর রহমান, নওহাটা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, বর্তমান অধ্যক্ষ আবদুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউছার আলী, বায়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে ২৯ জানুয়ারি নওহাটায় মানববন্ধন করেন এলাকাবাসী।
আবদুল গফুর গত ১ জানুয়ারি বাড়ি থেকে ঢাকার উদ্দেশে বের হন। ঢাকায় গিয়ে ফোনে বাড়িতে জানিয়ে দেন। ৫ জানুয়ারি বাড়ির সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর ফোন বন্ধ। ১৬ জানুয়ারি তাঁর ফোন খোলা পাওয়া গেলেও কেউ ধরেনি, বরং ওই ফোন থেকে তাঁর ছেলের ফোনে একটি বার্তা পাঠিয়ে ৫০ হাজার টাকা চাওয়া হয়। এরপর পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।