নিখোঁজ বিমানটি উদ্ধারে যোগ দিচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি অনুসন্ধানে সহযোগিতা করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ নৌবাহিনীর দুটি পেট্রোল এয়ারক্র্যাফট এবং দুটি ফ্রিগেট আগামীকাল শনিবার থেকে বঙ্গোপসাগরে এই অনুসন্ধান কাজ শুরু করবে। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার মধ্যরাতে ১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজ হয়। যাত্রীদের মধ্যে ১৫৪ জনই চীনের নাগরিক।
এদিকে বিন্দু পরিমাণ আশা জিইয়ে থাকা পর্যন্ত মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির অনুসন্ধান চালিয়ে যাবে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। নিখোঁজ হওয়ার পর গত ছয় দিনে ২২টি বিমান ও ৪০টি বিভিন্ন ধরনের নৌযান তন্ন তন্ন করে খুঁজছে উড়োজাহাজটিকে। গত মঙ্গলবার চীন ১০টি স্যাটেলাইট মোতায়েন করে।