নিখোঁজ বিমানটি বঙ্গোপসাগরে আসার কোনো সূত্র মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির বঙ্গোপসাগরে উড়ে আসার কোনো সূত্র গতকাল বুধবার পর্যন্ত পায়নি বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে বিমানটির জন্য অনুসন্ধান অভিযান চালানো বাংলাদেশ নৌবাহিনী গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। মালয়েশিয়ান এয়ারলাইনসের নিখোঁজ বিমানটির জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর অনুসন্ধান অভিযান আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। ১৪ মার্চ এ অভিযান শুরু হয়।
নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ১৪ মার্চ থেকে এ পর্যন্ত তাঁরা বঙ্গোপসাগরের ৮৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধান চালান। মালয়েশিয়া সরকারের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ কাজে এখনো সার্বক্ষণিকভাবে যুক্ত আছে নৌবাহিনীর দুটি ফ্রিগেট এবং দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট (এমপিএ)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬টি দেশ এই অনুসন্ধানে অংশ নিচ্ছে। এর মধ্যে ১১টি গুরুত্বপূর্ণ দেশের একটি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে অনুসন্ধান অভিযানের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে মালয়েশিয়া সরকারের। অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন নৌবাহিনীর নেভাল অপারেশনস বিভাগের পরিচালক কমোডর এম এম হাকিম এবং নৌ গোয়েন্দা বিভাগের প্রধান কমোডর রাশেদ আলী। সহকারী নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
কমোডর এম এম হাকিম বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানাকে আটটি ব্লকে ভাগ করে নিখোঁজ বিমানের সন্ধানে অনুসন্ধান চলছে।