নিখোঁজ বৈমানিকের খোঁজ মেলেনি
বিমানবাহিনীর বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান এফ-৭–এর বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট রুম্মান তাহমিদের খোঁজ গতকাল মঙ্গলবার পর্যন্ত মেলেনি। তাহমিদ ও বিধ্বস্ত বিমানের খোঁজে গতকাল সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরে সমন্বিত অনুসন্ধান চলে।
পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে পাঁচ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগরে সোমবার বেলা সাড়ে ১১টায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে একমাত্র আরোহী ছিলেন তাহমিদ। দুর্ঘটনার পরপরই বিমান, নৌ ও কোস্টগার্ড এলাকাটিতে তল্লাশি শুরু করে। বিধ্বস্ত বিমানের দুটি ডানা উদ্ধার করা গেলেও মূল কাঠামো ও পাইলটের কোনো খোঁজ মেলেনি।
অভিযানে অংশ নেওয়া কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা গতকাল সন্ধ্যায় বলেন, ‘প্রথম দিনের মতো গতকালও সকাল থেকে জোর তল্লাশি শুরু করা হয়। তবে প্রচণ্ড ঢেউয়ের কারণে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। এখন পর্যন্ত কোনো সুখবর নেই।’
অনুসন্ধানকাজে নৌবাহিনীর তিনটি জাহাজ, কোস্টগার্ডের একটি জাহাজসহ চারটি নৌযান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিনটি নৌযান অংশ নিয়েছে। বিমানবাহিনীর তিনটি হেলিকপ্টারও এতে অংশ নিয়েছে।
তাহমিদের উৎকণ্ঠিত বাবা-মা, ভাইসহ কয়েকজন স্বজন গতকাল সকালে ঢাকা থেকে পতেঙ্গায় জহুরুল হক ঘাঁটিতে পৌঁছান।