নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে র্যাবের প্রতি মানবাধিকার কমিশনের অনুরোধ
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হওয়ার বিষয়ে র্যাবের মহাপরিচালকের কাছে উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করতে এবং দোষীদের বিচারের সম্মুখীন করতেও র্যাবকে অনুরোধ করেছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার গতকাল মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনে গেলে এ অনুরোধ জানানো হয়। বেলা সাড়ে তিনটা থেকে কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে তিনি প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানবাধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার জন্য র্যাবের প্রতি অনুরোধ জানায় কমিশন।বৈঠকের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা র্যাবের ডিজিকে (মহাপরিচালক) আমন্ত্রণ জানিয়েছিলাম। সমসাময়িক সময়ে বিভিন্ন ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। আমরা বলেছি, মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। র্যাবের কাজ করার সময় অভিযুক্ত ব্যক্তি যেন যথাযথ আইনি প্রক্রিয়ায় সুযোগ পায়, সে বিষয়ে দৃষ্টি রাখতে বলেছি আমরা।’র্যাবের মহাপরিচালক কী বলেছেন—জানতে চাইলে কমিশনের চেয়ারম্যান বলেন, ‘উনি আমাদের কথায় আশ্বস্ত হয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত র্যাবের ৯০০ জনকে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বলেছি, বিষয়টি যেন আরও স্বচ্ছ হয়। মানবাধিকার লঙ্ঘন যেন না হয়।’