নিখোঁজ ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের সন্তান ও পরিবারের সদস্যরা গতকাল ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ষ ছবি: প্রথম আলো
সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের সন্তান ও পরিবারের সদস্যরা গতকাল ক্ষতিপূরণ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ষ ছবি: প্রথম আলো

রাজধানীর অদূরে সাভারে রানা প্লাজা ধসের তিন মাস পরও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ, আহত ব্যক্তিদের পুনর্বাসন ও হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করার প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন শ্রমিক ও হতাহতদের স্বজনেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি’ নামের একটি সংগঠন আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজন ও আহত শ্রমিকেরা রানা প্লাজা যেখানে ছিল, সেখানে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে কয়েক শ শ্রমিক ও স্বজন সেখান থেকে মিছিল বের করেন। তাঁরা রানা প্লাজা-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ দখল করে বিক্ষোভ করেন।
ইথারটেক্সের আহত শ্রমিক নূর বানু বলেন, তিনি বেতনসহ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। কিন্তু দুই মাসেই সেই টাকা শেষ হয়ে গেছে। পুরোপুরি সুস্থ না হওয়ায় অন্য কোথাও কাজও করতে পারছেন না।
দুই শিশু নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভবনধসে নিহত শ্রমিক সুমনের স্ত্রী বুলবুলি বেগম। অর্থের অভাবে তাঁর আট বছরের মেয়ে সুমনার পড়ালেখাই বন্ধ হওয়ার উপক্রম। বুলবুলি জানান, ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষতিপূরণ হিসেবে তিনি দুই লাখ টাকা পেয়েছিলেন। ধারদেনা পরিশোধের পর সেই টাকা এখন প্রায় শেষের পথে।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার বলেন, উদ্ধারকর্মীসহ নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা প্রায়ই রানা প্লাজার সামনে নির্বাক দাঁড়িয়ে থাকেন। অপরিচিত কেউ এলেই ছবি বের করে স্বজনের সন্ধান করে দেওয়ার অনুরোধ জানান। তাই নিখোঁজ ব্যক্তিদের সঠিক তালিকা প্রকাশসহ হতাহত শ্রমিক ও তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
হতাহতদের ক্ষতিপূরণ দাবি: রানা প্লাজায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল সকালে রানা প্লাজা ট্র্যাজেডির তিন মাস পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব দাবি জানান। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নিহত শ্রমিকদের সন্তানদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিহত শ্রমিকদের পরিবারকে ‘লস অব আর্নিং’-এর ভিত্তিতে ২৮ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা ফারুক খান, সুলতানা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।