নিখোঁজ ব্যবসায়ীর লাশ নদী থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের নিউমার্কেটের কাঠ ব্যবসায়ী বিমল কুমার দাসের (৪৫) লাশ গতকাল সোমবার সকালে সদর উপজেলার পালেরডাঙ্গা গ্রামের লোহালিয়া নদীর চর থেকে উদ্ধার করা হয়েছে। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাতে তাঁর মাথায় আঘাত করে নদীতে ফেলে দেওয়া হয়।

পুলিশ ওই দিনই মিজানুর রহমান (২১) নামে একজনকে গ্রেপ্তার করে। রোববার বিমলের মেয়ে প্রিয়াঙ্কা দাস তিনজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আসামিরা পরিকল্পিতভাবে বিমলকে আঘাত করে পটুয়াখালী সেতুসংলগ্ন এলাকার লাউকাঠি নদীতে ফেলে দেয়। মিজানুরের স্বীকারোক্তি অনুযায়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে নদীতে ব্যাপক তল্লাশি চালানো হয়। গতকাল সকালে লোহালিয়া নদীর চরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে নিহত ব্যক্তির স্বজনেরা সেটি বিমলের বলে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিমলের কাছ থেকে একটি মোটরসাইকেল মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে টাকা পরিশোধ করছিলেন না মিজানুর। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।