নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ মেলেনি পাঁচ বছরেও
নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ আবাসিক এলাকা থেকে নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর খোঁজ মেলেনি পাঁচ বছরেও। এ ঘটনায় করা মামলার তদন্তভার পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাত ঘুরে আড়াই বছর আগে ন্যস্ত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে।২০০৭ সালের ৯ সেপ্টেম্বর নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ আবাসিক এলাকার কাস্টমস অ্যান্ড ভ্যাট ক্লাব থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হন ব্যবসায়ী মোজাফফর আহমদ। পরিবারের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে ওই রাতে অপহরণ করা হয়েছিল। বর্তমানে এই মামলার তদন্তের দায়িত্বে আছেন সিআইডির পরিদর্শক সিরাজুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘২০০৭ সালের ৯ সেপ্টেম্বর রাতে ক্লাব থেকে বাসায় ফেরার পথেই তিনি নিখোঁজ হন। তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। পাঁচলাইশের কানন আবাসিক এলাকার একটি জমির মালিকানা নিয়ে এজাহারভুক্ত এক আসামির সঙ্গে তাঁর বিরোধিতা ছিল বলে পরিবার জানিয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়েছেন।’