মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুজন ব্যবসায়ীর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম তারা মিয়া (৪০)।গতকাল শুক্রবার ভোরে মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোহনার লালপুরে ভেসে ওঠে। পরে নিহতের পরিবারের সদস্যরা নিজ দায়িত্বে নদী থেকে লাশ নিয়ে যায়।ভৈরব নৌ থানা সূত্র জানায়, ১৬ আগস্ট সকাল ১০টার দিকে ২১টি গরু নিয়ে ভৈরবের পুরোনো ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলার ছেড়ে যায়। গন্তব্য ছিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাইশমুজার গরুর হাট। গরুবোঝাই ট্রলারটি ছেড়ে যাওয়ার পর আশুগঞ্জ মোহনায় ডুবে যায়। ডুবে যাওয়ার পর সাতজন ব্যবসায়ী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। একই সঙ্গে তীরে ওঠে ১৩টি গরু। নিখোঁজ হন নরসিংদীর শিবপুর উপজেলার বড়ই আলগী গ্রামের তারা মিয়া ও ছাত্তার মিয়া (৩৮) নামের দুজন ব্যবসায়ী। দুর্ঘটনার তিন দিন পর গতকাল তারা মিয়ার মৃতদেহ ভেসে উঠল। তবে এখন ছাত্তার মিয়ার সন্ধান পাওয়া যায়নি।ভৈরব নৌ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মানিক বণিক জানান, আশুগঞ্জের লালপুর এলাকায় তারা মিয়ার মৃতদেহ ভেসে ওঠার পর পরিবারের সদস্যরা পুলিশকে না জানিয়ে তা নিয়ে যায়।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আহমদ বলেন, ট্রলারডুবির সময় নিখোঁজ দুজন ব্যবসায়ীর মধ্যে কারও মৃতদেহ ভেসে উঠেছে কি না, তথ্যটি আমাদের জানা নেই।