নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধান মিলেছে
নিখোঁজ ব্যাংক কর্মকর্তা ও নাট্যকর্মী আরবাতুজ্জামান ওরফে প্রলয়ের (৩৭) সন্ধানের দাবিতে গতকাল সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছিল সংবাদ সম্মেলন। কিন্তু সম্মেলন শুরু হওয়ার আগেই আয়োজকেরা খবর পেলেন, আরবাতুজ্জামানকে পাওয়া গেছে। সম্মেলন বাতিল না করে আয়োজকেরা সাংবাদিকদের জানিয়ে দিলেন এই সুখবর। উৎকণ্ঠার সংবাদ সম্মেলনে বয়ে গেল স্বস্তির হাওয়া।
আরবাতুজ্জামান রাজধানীর গুলশান নিকেতনের ব্র্যাংক ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ও নাগরিক নাট্যদলের একজন জ্যেষ্ঠ শিল্পী। পরিবার নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় থাকেন। গত ২৬ জুলাই সকালে রিকশাযোগে স্ত্রী-সন্তানকে স্কুলে নামিয়ে দিয়ে তিনি কর্মস্থলে যাওয়ার কথা বলে বিদায় নেন। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। তিনি কর্মস্থলেও যাননি, বাসায়ও ফেরেননি।
আরবাতুজ্জামানের সন্ধানের দাবিতে গতকাল দুপুর ১২টার দিকে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এর ঘণ্টা খানেক আগে আয়োজকেরা জানতে পারেন যে কুষ্টিয়াতে আরবাতুজ্জামানকে পাওয়া গেছে।
গতকাল বিকেল সাড়ে চারটায় আরবাতুজ্জামানের ভাই আকরামুজ্জামান বলেন, কুষ্টিয়ার কুমারখালীর আদাবাড়িয়ায় তাঁদের গ্রামের বাড়ি। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আরবাতুজ্জামান সেখানে যান। তিনি এত দিন কোথায় ছিলেন, তা এখনো জানা যায়নি।