দুই মাস ধরে নিখোঁজ মিয়ানমারের নাগরিক রেনাইন জো রাখাইনের সন্ধান চেয়েছেন তাঁর স্বজনেরা। গতকাল রোববার বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁকে উদ্ধারের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে রেনাইন জো রাখাইনের স্বজনেরা বলেন, গত ৫ জুন রাঙামাটি জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাগারের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে রেনাইন জোকে। বিভিন্ন সংস্থার কাছে তাঁরা ধরণা দিয়ে এখনো পর্যন্ত কোনো সন্ধান পাননি। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আদালতের মাধ্যমে উত্থাপন করার আহ্বান জানান তাঁরা।
বেলা ১১টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ রেনাইন জোর স্ত্রীর ভাই ক্যসিং প্রু মারমা, উসুইমং মারমা ও বড় বোন মায়ে সিং মারমা।
সংবাদ সম্মেলনে রেনাইন জোর স্বজনেরা বলেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মির নেতা সন্দেহে রেনাইন জোকে ২০১৫ সালের ১৪ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাঙামাটির রাজস্থলী উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন ও বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনে রাজস্থলী থানায় মামলা করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। ৫ জুন রাঙামাটি জেলা কারাগার থেকে বের হওয়ার পরই তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। রেনাইন জোর স্বজন উসুইমং গত ২২ জুন রাঙামাটি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, রেনাইন জোকে কারা তুলে নিয়ে গেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তাঁর সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই।