নিখোঁজ মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে মোজাহার আলী ওরফে মোজা (৭০) নামে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মোহনপুর খাল থেকে আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।
মৃত মোজার বাড়ি উপজেলার চিয়ারী গ্রামে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ তাঁর লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ মোজাহার আলী গতকাল শনিবার সকালে তাঁর বাড়ি থেকে বের হন। সন্ধ্যা অবধি বাড়ি না ফেরায় সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। আজ সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মোহনপুর খালে তাঁর মৃতদেহ পাওয়া যায়। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা লোকজন মরদেহটি বৃদ্ধ মুক্তিযোদ্ধা মোজাহার আলীর বলে পুলিশকে জানায়। পরে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেন।
মৃতের ছেলে দেলোয়ার হোসেন বলেন, ‘আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। গত কয়েক বছর ধরে আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফিরে আসেননি।’
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নবীবুর রহমান বলেন, মোজাহার আলী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন বলেন, মুক্তিযোদ্ধা মোজাহার আলীর লাশ মোহনপুর খালের পানি থেকে উদ্ধার করা হয়েছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বৃদ্ধ মুক্তিযোদ্ধা মোজাহার আলী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পথ ভুলে খালে পড়ে গিয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) অশোক কুমার পালের সঙ্গে তিনি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন। মৃতের শরীরের কোনো আঘাতের চিহ্ন ছিল না। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকেলের দিকে দাফন করার কথা।