বান্দরবান-রুমা সড়কে পাহাড়ধসে নিখোঁজ হওয়া মুন্নী বড়ুয়ার লাশ বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের মোজাফফরাবাদ এলাকার শঙ্খ নদের চানপুরঘাট থেকে উদ্ধার করা হয়েছে। বাঁশখালী পুলিশ গত সোমবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল। এরপর মুন্নীর পরিবারের লোকজন গতকাল তাঁকে শনাক্ত করেন।
গত রোববার ভারী বৃষ্টিতে বান্দরবান-রুমা সড়কের ২৫ কিলোমিটারের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসে তিন নারী ও দুই পুরুষ নিখোঁজ হন। নিখোঁজ তিন নারীর মধ্যে ওই দিনই এক নারীর লাশ উদ্ধার করা হয়। মুন্নী বড়ুয়া রুমা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী এবং বান্দরবান জেলা শহরের উজানীপাড়ার বাসিন্দা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘লাশটি উদ্ধারের পর আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এরপর লাশের পরিচয় জানতের চেয়ে ইউএনও ফেসবুকে ছবি দেন। দুপুরের দিকে জানতে পারি এটি বান্দরবানে পাহাড়ধসে নিখোঁজ মুন্নী বড়ুয়ার।’
মুন্নী বড়ুয়ার স্বামী অমর বড়ুয়া প্রথম আলোকে বলেন, ফেসবুকে ছবি দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মুন্নীর লাশ শনাক্ত করেন তাঁরা। এরপর লাশটি নিয়ে গতকাল সন্ধ্যায় বান্দরবানের পথে রওনা হন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ চাহেল তস্তরী বলেন, শঙ্খ নদের পাড়ে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধারের পর তিনি পরিচয় জানতে চেয়ে ফেসবুকে ছবি দেন। পরে জানতে পারেন সেই তরুণী বান্দরবানের নিখোঁজ মুন্নী বড়ুয়া।
এদিকে ঘটনার তিন দিন পরও নিখোঁজ অন্য তিনজনের কোনো হদিস পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবারও সারা দিন সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন পাহাড়ধসের স্থান এবং আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন। ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে দুইটি ব্যাগ ও কিছু কাপড়চোপড় পাওয়া গেছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।