নিখোঁজ যুবকের খণ্ডিত লাশ উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিখোঁজ মাসুদ রানার (২২) খণ্ডিত লাশ পাওয়া গেছে বলে তাঁর পরিবার দাবি করেছে। গতকাল শুক্রবার পাবনার আমিনপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাসুদের বাবা আজমত আলী লাশটি শনাক্ত করেছেন। তবে পুলিশ লাশের পরিচয় পুরোপুরি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর শাহজাদপুরের করশালিকা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের ইসমাইল পক্ষ ও আবু বকর পক্ষের মধ্যে মারামারি হয়। ইসমাইল পক্ষের সমর্থক মাসুদ ওই দিন সন্ধ্যায় নিখোঁজ হন। এ ঘটনায় বৃহস্পতিবার আজমত আলী শাহজাদপুর থানায় মামলা করেন।
গতকাল দুপুরে পাবনার আমিনপুর থানার যমুনা নদীর ঢালারচরে একটি খণ্ডিত লাশ পাওয়া যায়। এটি ছিল পেট থেকে দ্বিখণ্ডিত। মাসুদের বাবা সেখানে গিয়ে লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেন। পরে আমিনপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজমত আলীর অভিযোগ, মারামারির ঘটনায় প্রতিপক্ষ তাঁর ছেলেকে নৌকায় করে ধরে নিয়ে যায়। পরে তাঁকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। মুখমণ্ডল না পাওয়া গেলেও শরীরের নিম্নাংশ দেখে তিনি তাঁর ছেলের লাশ শনাক্ত করেছেন।
শাহজাদপুর থানার পরিদর্শক মনির হোসেন বলেন, খণ্ডিত লাশটি মাসুদের কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ডিএনএ ও ময়নাতদন্তের
প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।