নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের এক দিন পর মো. ইয়াছিন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত দুইটার দিকে আগানগর বাঁশপট্টি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইয়াছিন শরীয়তপুরের ডামুড্যা থানার দানোরকাঠি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কাঠপট্টি এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন।
ইয়াসিনের ভগ্নিপতি নাছির জানান, গত রোববার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে ইয়াছিন নিখোঁজ ছিলেন। অনেক খুঁজেও না পাওয়ায় গতকাল বিকেলে ইয়াসিনের বড় বোন শিল্পী বেগম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, গভীর রাতে বাঁশপট্টি এলাকা থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করা হয়। তাঁর ডান চোখ রক্তাক্ত জখম, গলায় থেঁতলানোর দাগ, মুখের ভেতর উলের টুপি গোজানো এবং হাত দুটি েপছন দিকে বাঁধা ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ হাবিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।