নিখোঁজ যুবলীগ নেতা চন্দনাইশে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে চন্দনাইশ থেকে উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতে চন্দনাইশের কসাইপাড়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোস্তাফিজুরকে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায় গিয়ে মোস্তাফিজুর নিখোঁজ হন।
মোস্তাফিজুরের চাচাতো ভাই ইমরুল হান্নান বলেন, মোস্তাফিজুরকে দুর্বৃত্তরা চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে ফেলে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। অচেতন অবস্থায় মোস্তাফিজুরকে মহাসড়কের পাশে ফেলে দেয় দুর্বৃত্তরা। তিনি জানান, হাসপাতালে ভর্তির পর মোস্তাফিজুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি অগোছালোভাবে কথা বলছেন।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, সুস্থ হলে মোস্তাফিজুরের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
মুস্তাফিজুরের পরিবারের সদস্যরা জানান, মোস্তাফিজুর তিন বছর ধরে বাঁশখালীর একটি ইটভাটায় শ্রমিক সরবরাহ করে আসছেন। শ্রমিকের মজুরি হিসেবে অগ্রিম টাকার জন্য তিনি গত রোববার বিকেলে ওই ভাটার মালিকের কাছে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।