নিখোঁজ শিশুর লাশ মিলল শীতলক্ষ্যায়
নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ রোববার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সাকিব (ছয়) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই এলাকায় বাংলাদেশ কো-অপারেটিভের পাটগুদামের পেছনে শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাকিবের বাবার নাম চান মিয়া। তাঁরা বন্দর উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন।
নিহত সাকিবের বাবা চান মিয়া জানান, সাকিবের পরনের শার্ট আর প্যান্ট দেখে তিনি লাশটি শনাক্ত করেছেন। গত শুক্রবার থেকে সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে বন্দর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, আজ সকালে শীতলক্ষ্যা নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ খানপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।