বরিশালের কীর্তনখোলা নদী-সংলগ্ন সাহেবেরহাট চ্যানেলে গত শুক্রবার রাতে দুটি স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ শিশু সাইরী আক্তারকে (১২) গতকাল শনিবার বিকেলেও খুঁজে পাওয়া যায়নি। সাইরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সরোয়ারের মেয়ে। দুর্ঘটনায় চিকিৎসক সরোয়ারের স্ত্রী নাসপতি বেগম (৪৫) নিহত হন।
শুক্রবার রাতে কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলে দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। ওই ঘটনায় করা মামলায় বরিশাল স্পিডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ ও সাধারণ সম্পাদক অহিদুল আলমকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। বন্দর থানার ওসি জানান, ওই ঘটনায় বন্দর থানার এসআই মিজানুর রহমান আটজনের বিরুদ্ধে মামলা করেন।
সূত্র জানায়, শুক্রবার রাতে এই দুর্ঘটনার পর সাইরীকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগের সদস্যরা। গভীর রাত পর্যন্ত তা চলে। গতকাল সকালে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয় জেলে, নৌপুলিশ ও বন্দর থানার পুলিশ আবার উদ্ধার অভিযান শুরু করে। জেলেরা জাল নিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
বন্দর থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাতে তাঁরা থানায় একটি জিডি করেন। ওই জিডির পরিপ্রেক্ষিতে নাসপতি বেগমের মরদেহের ময়নাতদন্ত হয়। এদিকে আহত চিকিৎসক গোলাম সরোয়ার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন।