২০০৫ সাল থেকে সর্বশেষ ভয়াবহ রানা প্লাজাসহ পোশাকশিল্প কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় ২০০ জনের বেশি শ্রমিক নিখোঁজ আছেন। তাঁদের তালিকা নেই সরকারের কাছে। এই শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি সেল তৈরি করতে হবে। এ সেল নিখোঁজ শ্রমিকের (যদি থাকে) কবর শনাক্তকরণ, ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয় দেখার জন্য দায়বদ্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার গবেষণা দল অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানী আয়োজিত ‘কবরটাও তো পাইলাম না, কী দেখে সান্ত্বনা পাব?—নিখোঁজ শ্রমিকের সন্ধানপ্রক্রিয়া এবং বাংলাদেশে ডিএনএ-পদ্ধতির প্রতিবন্ধকতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব দাবি জানিয়েছেন।
বৈঠকে বিভিন্ন দুর্ঘটনায় যেসব নিহত শ্রমিকের পরিচয় শনাক্তকরণ হয়নি তাঁদের শনাক্তকরণে শুধু ডিএনএ টেস্টের ওপর নির্ভর না করে স্থানীয় প্রশাসন, জনগণসহ অন্যান্য জায়গা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনাক্তকরণের কাজ করার আহ্বান জানানো হয়।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানীর সদস্য নাজনীন শিফা।
বৈঠকের শুরুতে বৈঠক আয়োজনকারী গবেষণা দলের সদস্য সায়দিয়া গুলরুখ দলের পক্ষ থেকে করা গবেষণার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
আলোচনায় মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, পোশাকশিল্প কারখানায় দুর্ঘটনার পর সরকারের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়ের অভাব থাকে। তিনি কারখানায় ট্রেড ইউনিয়নের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কারখানায় মৃত মানুষের গুমের অনেক ইতিহাস আছে। নিখোঁজ শ্রমিকদের হিসাব নিয়ে মালিক ও শ্রমিকদের দেওয়া তথ্যের মধ্যে অনেক গরমিল থাকে। ইচ্ছা করেই মালিকেরা শ্রমিকদের অদৃশ্য রাখতে চান। তিনি প্রতিটি কারখানায় শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা রাখা এবং তা তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর কাছেও সংরক্ষণ করার দাবি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির জাতীয় উপদেষ্টা (কারিগরি) অধ্যাপক শরীফ আখতারুজ্জামান বলেন, অশনাক্তকৃতদের শনাক্তকরণের জন্য শেষ ধাপ হলো ডিএনএ টেস্ট। আর যেসব শ্রমিক নিখোঁজ, তাঁদের দায়িত্ব নেওয়া ডিএনএ ল্যাবের পক্ষে সম্ভব না। তিনি যেকোনো দুর্ঘটনার পর নিহত সবার কাছ থেকে নমুনা সংগ্রহ করে রাখার বিষয়টিতে গুরুত্ব দেন।
নিজেরা করির সমন্বয়ক খুশী কবির বলেন, কারখানার শ্রমিকেরা শুধু কয়েকটি নম্বর নয়, তাঁরা ব্যক্তি মানুষ, তাঁদের মর্যাদা এবং স্বীকৃতি দেওয়ার জন্য সবার পক্ষ থেকে জোরালো আওয়াজ তুলতে হবে।
শ্রমিক আন্দোলনের নেত্রী মোশরেফা মিশু বলেন, বিভিন্ন দুর্ঘটনার পর দীর্ঘদিন পার হলেও নিখোঁজ শ্রমিকদের তালিকা তৈরি করা হয়নি। শ্রমিক আন্দোলন-কর্মীদের কারখানার ভেতরে ঢুকতেই দেয় না। তাই এ ধরনের তালিকা করতে হবে প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন থাকাটা জরুরি।
বৈঠকে শ্রমিকনেতা রায় রমেশ চন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহির আহমেদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকী, অ্যাকটিভিস্ট নৃবিজ্ঞানীর সদস্য মাহমুদুল সুমন প্রমুখ আলোচনায় অংশ নেন।